আলু’র চুল তার মায়ের মত কোঁকড়া কোঁকড়া। আর সে অনেক দিন হয়ে
গেলো তার চুল কাটতে দেয় না। ফলাফল স্বরূপ চুল অনেক বড় হয়ে গেছে। এখন এক দিকে চুল অনেক
বড়, অন্য দিকে এই রকম আউলা ঝাওলা চুল সামলানো তার জন্য বিরাট মুশকিল। কিন্তু, সে
তা গুছিয়ে বলতে পারে না। আর নিশ্চিত গরম লাগে। এই সমস্যা সমাধানে সে একবার যায় তার
মায়ের কাছে, গিয়ে বলেঃ “মামুনি, আলু চুল সুন্দর?” তার মা যদি সুন্দর বলে সায় দেয়,
সে আমার কাছে এসে বলেঃ “পাপা, আলু চুল সুন্দর না। বাবা চুল সুন্দর। আলু চুল, বাবা
চুল করে দাও।” এই বার বুঝতে পারা গেলো যে, চুল তার কাছে একটা যন্ত্রণার ব্যাপার। প্রথমে
ভাবলাম যে বাসায় চুল কেটে দেয়া হোক। কিন্তু, সে ভালো গেঞ্জাম করবে এই ব্যাপারে কোন
সন্দেহ নেই। আর ঝামেলা করলে আমরা ঠিক ভাবে কাটতে পারবো না। তার চেয়ে বাইরে নিয়ে
যাই চুল কাটানোর জন্য।
যাওয়ার সময় গাড়িতে তার মাকে জিজ্ঞেস করেঃ “আলু, কই যায়
মামুনি?” তার বলল যেঃ “তোমার চুল পাপার চুলের মত করে দেয়া হবে। আমরা দোকানে
যাচ্ছি।” সে খুব অবাক হয়ে বলতেছেঃ “আলু, চুল দোকান দেখে না। আলু, চুল দোকান জানে
না।” সে তার আগে কখন যায় নি সেলুনে, তাই তার কাছে এই কনসেপ্টটা অজানা। যাওয়ার পর বন্ধের
দিন বলে আমাদেরকে ছোট খাটো একটা অপেক্ষমান লাইনের সম্মুখীন হতে হল। আমরা সিরিয়ালের
জন্য অপেক্ষা করতেছি। আলু আমাদের কাছ থেকে নেমে গিয়ে আশেপাশে অন্য মানুষজনকে দেখতেছে।
তার সমবয়সী আরেক পিচ্চিকে বলতেছেঃ “উ হেয়ার শপ, হেই। হেই, কাট কাট।” পিচ্চি তো ভয় পেয়ে
দৌড়ে তার মায়ের কাছে চলে গেছে। আমরাও তারে তুলে নিয়ে আসলাম অন্য কাউকে বিরক্ত করার
আগে।
আলু’র সিরিয়াল আসলো। তাকে কাপড় দিয়ে মোড়ায় দেয়া হল। এক পাশে
আমি, অন্য পাশে তার মা। একটু করে তার চুল কাটা হয়, সে মাথা সোজা রেখে চোখের মনি
ঘুরিয়ে একবার আমাকে দেখে, অন্যবার তার মাকে দেখে। একটু পর তার কাপড়ের উপর যখন তার কাটা
চুল এসে পড়তে থাকলো, সে চিৎকার দিয়ে উঠলোঃ “পাপা, আলু ছুল। এটা আলু চুল।” এবার সে
মাথায় হাত দিয়ে দেখে কি অবস্থা। এমন করেই চুল কাটা শেষ হল। স্বাভাবিক ভাবেই সে বুঝতে
পারছে যে তার মাথায় ওজন কমে গেছে। সে এখন একটু পর পর মাথায় হাত দিয়ে দেখে। ঘুমানোর
সময় মাথায় হাত দিয়ে ঘুমায়। আমি ওরে কাছে টেনে নিয়ে বললামঃ “এই রকম সারাক্ষণ মাথায়
হাত দিয়ে রাখস কেন, মা?” সে খুব দিরে ধীরে বলতেছেঃ “আলু, চুল চলে যাবে। আলু ধরে
রাখে চুল। চুল যাবে না। বাবা ধরে রাখে না, বাবা চুল চলে যায়।”
যথারীতি রাতে তার নানু যখন শুনছে চুল কাটা হইছে, বলল যে
তাকে ডেকে নিয়ে আসতে। সে ক্যামেরার সামনে এসে মাথায় হাত দিয়ে রেখে তার নানুকে
বলতেছেঃ “আলু, চুল নাই নানু!” বলেই ব্যা করে কান্না করে দিছে। “আলু, পচা লাগে।”
No comments:
Post a Comment